নারায়নগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মসজিদের ভেতরে ঢুকে নামাজ পড়া অবস্থায় ইমাম আবদুল মজিদ মুন্সীকে (৭২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে জহিরুল ইসলাম নামের স্থানীয় এক ব্যক্তি। এ সময় হাবিবুর মিয়া নামে আরও এক মুসল্লিকে কুপিয়ে জখম করা হয়।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজে দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর মাঝিপাড়া এলাকার মাটির মসজিদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত জহিরুল ইসলাম পালিয়ে গেছে।
নিহত মজিদ মুন্সী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর এলাকায় মোসলেম বেপারী ছেলে। তিনি গত ২৫ বছর ধরে এ এলাকায় বসবাস করছেন।
এলাকাবাসী জানান, ১০ বছর আগে জহিরুল তার স্ত্রীকেও হত্যা করেছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, রাতে এশার নামাজ পড়ছিলেন ইমাম আবদুল মজিদ মুন্সী ও হাবিবুর মিয়া নামে এক মুসল্লি। এ সময় নামাজ পড়া অবস্থায় কিছু বোঝার আগেই ধারালো দা দিয়ে আবদুল মজিদ মুন্সীকে কুপিয়ে হত্যা করে। এ সময় তাকে বাধা দিতে গেলে মুসল্লি হাবিবুর মিয়াকেও কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
লাশ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো ও মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি ইসমাইল হোসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সজিব জানান, হাসপাতালে আনার আগেই আবদুল মজিদ মুন্সী মারা যান। তার গলায়, পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।