রাঙ্গামাটি : রাঙ্গামাটির লংগদুতে যুবলীগ নেতা ও মোটরসাইকেল চালক নুরুল ইসলাম নয়ন হতাকান্ডের জেরে উপজেলায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। এদিকে, ৩টি পাহাড়ী গ্রামে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০০ জনকে আসামী করে মামলা করেছে পুলিশ। লংগদু থানা পুলিশ এপর্যন্ত ৭ জনকে গ্রেফতারও করেছে।
শনিবার (৩ জুন) দুপুরে লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক থেকে উপজেলার বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় জারি থাকা ১৪৪ ধারা প্রত্যাহার করে নেয়া হয়। তবে, লংগদুর বিশেষ গুরুত্বপূর্ণ স্থান সমূহে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে এবং উপজেলায় পুলিশী টহল জোরদার থাকবে বলে সিদ্ধান্ত হয় ওই বৈঠক।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, সেনাবাহিনীর লংগদু জোন কামান্ডার লে. কর্ণেল আব্দুল আলিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা।
এদিকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় লংগদু উপজেলার ক্ষতিগ্রস্থ ৩ টি এলাকার লোকজন বাড়ী ঘরে ফিরে ফিরতে শুরু করেছে। অনেকে স্থানীয় বৌদ্ধ বিহার ও আত্মীয় স্বজনের বাসা বাড়ীতে আশ্রয় নিয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যক্তিদেরকে দূর্যোগকালীন সময়ে স্থানীয় সেনা প্রশাসন খাদ্য সহায়তা দিচ্ছে।
এছাড়া স্থানীয় উপজেলা প্রশাসন ক্ষয়-ক্ষতি নিরুপন করে পরবর্তী সহায়তা প্রদান করবে বলে আশ্বাস প্রদান করছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক।
উল্লেখ্য, গত ২ জুন (শুক্রবার) রাঙ্গামাটির লংগদুতে যুবলীগ নেতা ও মোটরসাইকেল চালক নুরুল ইসলাম নয়ন এর হতাকান্ড ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্দ জনতা লংগদু সদর, মানিকজোরছড়া ও তিনটিলাসহ বেশ কিছু গ্রামে অগ্নি সংযোগের ঘটায়। এতে পাহাড়ি গ্রামে প্রায় শতাধিক ঘড়বাড়ী পুড়ে যায়।