রফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম) : ভারতীয় টিভি চ্যানেল এস-৮ এর সিরিয়ালের অভিনয় করতে গিয়ে কুড়িগ্রামের রাজারহাটে গলায় ফাঁস লাগিয়ে এক মেধাবী স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় উপজেলা সদরের চাকিরপশার তালুক এলাকায়।
জানা যায়, রাজারহাট উপজেলা আশা সংস্থার ঋণ কর্মকর্তা মো. নজরুল ইসলামের পুত্র ও রাজারহাট শিশু নিকেতন এর কেজি প্রথম শ্রেনীর ছাত্র প্রত্যয় (৮) বাসায় প্রতিদিনের মতো খেলা-ধুলা করতো। এরই এক পর্যায়ে সে পরিবারের অগোচরে এস-৮ এর সিরিয়ালের অভিনয় করতে গিয়ে ঘরে থাকা মায়ের ওড়না গলায় দিয়ে টুল দিয়ে জানালার গ্রিলে পেচিয়ে উচুঁ স্থানে ঝুলতে গিয়ে হঠাৎ পা ফসকে টুলটি পড়ে যায়। এতে তার গলায় ফাঁস লাগে। প্রত্যয়ের গোংরানীর শব্দ শুনে পাশের রুম থেকে তার মা দৌড়ে এসে চিৎকার দিয়ে ফাঁস খুলে দেয়। পরে এলাকাবাসীরা ছুটে এসে জ্ঞান হারানো অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রাজারহাট হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎকগণ তাকে মৃত ঘোষণা করে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রত্যয়ের পিতা নজরুল ইসলামের বাড়ি কুড়িগ্রামের নাজিরা এলাকায়। গতকাল মঙ্গলবার প্রত্যয়ের লাশ তার পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়েছে বলে চাকিরপশার ইউপি চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দ্দী বাপ্পি নিশ্চিত করেন। এদিকে প্রত্যয়ের অকাল মৃত্যুতে শিক্ষা প্রতিষ্ঠান রাজারহাট শিশু নিকেতন-এর শিক্ষক-শিক্ষার্থীরা শোক পালন করে।