• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন |

ঝর্ণার ছেলেকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

সিসি নিউজ : কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের দিন জঙ্গি হামলায় নিহত ঝর্ণা রানী ভৌমিকের বড় ছেলে বাসুদেব ভৌমিককে চাকরি দিয়েছেন প্রধানমন্ত্রী। এনআরবি গ্লোবাল ব্যাংকে সহকারী কর্মকর্তা হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ প্রধানমন্ত্রী এই নিয়োগপত্র বাসুদেবের হাতে তুলে দেন। এ সময় কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বাসুদেব ভৌমিকের বাবা গৌরাঙ্গ ভৌমিক, ছোট ভাই শুভদেব ভৌমিক এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাসুদেব ভৌমিক জানান, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম চাকরির জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করায় তার চাকরিটি হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, মায়ের আত্মত্যাগ বৃথা যায়নি। সরকারের দৃঢ় অবস্থানের কারণে জঙ্গিরা নির্মূল হচ্ছে। তারা পরাজিত হবে। এ দেশের মানুষ বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করেছে। এ দেশে জঙ্গিবাদের ঠাঁই হতে পারে না।
বাসুদেব ভৌমিক কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। পড়ালেখা শেষ করে ঢাকার তেজগাঁও মহিলা কলেজে প্রভাষক পদে অস্থায়ী ভিত্তিতে চাকরি করেন। প্রায় তিন বছর এ কলেজে চাকরি করলেও তিনি এমপিওভূক্ত হতে পারেননি।
উল্লেখ্য, গত বছর ঈদুল ফিতরের দিন জঙ্গিদের বুলেট ঝরণা রানীর প্রাণ কেড়ে নেয়। শোবার ঘরের ভেতরেই মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ঝরণা রানী ভৌমিক। তার স্বামী গৌরাঙ্গ ভৌমিক শহরের একটি বিড়ি ফ্যাক্টরির একজন অল্প বেতনের কর্মী। এসময় শোলাকিয়া ঈদগাহ মাঠের পশ্চিম দিকে প্রায় ১৫০ গজ দূরে আজিমউদ্দিন স্কুলের পাশে সবুজবাগ গলির মুখে জঙ্গি হামলায় দু’জন পুলিশ সদস্যও নিহত হন।
ঝর্ণার রানীর ছোট ছেলে ময়মনসিংহের মুকুল নিকেতনের আবাসিক ছাত্র। তার জন্য প্রতি মাসে সাড়ে ৭ হাজার টাকা করে পাঠাতে হয় গৌরাঙ্গ ভৌমিককে।
ওই ঘটনার পর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিবারটিকে ২ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছিল। আর এক বছর পূর্তিতে গৌরাঙ্গ ভৌমিক গণমাধ্যমকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ লাভের আশার কথা জানিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ