উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুর থানা পুলিশের ধাওয়া খেয়ে তিস্তা নদীতে লাফিয়ে পরে নিখোঁজ হয় আবুল কালাম। ৫ দিন পর তার লাশ আজ বৃহস্পতিবার সকালে গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তা থেকে উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, উলিপুর থানা পুলিশের ধাওয়া খেয়ে গত রোববার বিকেলে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফড়া গ্রামের মৃত বাচ্চা মিয়ার পূত্র ৪ সন্তানের জনক আবুল কালাম (৪৫) নাগড়াকুড়া গ্রামের টি-বাঁধের উত্তর দিকে নদীর উপকন্ঠে কয়েকজন মিলে তাস খেলছিল। ওই দিন বিকেলে সাদা পোষাকধারী পুলিশের একটি দল ওযারেন্টভূক্ত আসামী ধরতে স্থানীয় নাগড়াকুড়া বাজারে যায়। খবর পেয়ে পুলিশ তাস খেলোয়াড়দের ধাওয়া করে। এ সময় অন্য খেলোয়াড়রা পালিয়ে যেতে সক্ষম হলেও আবুল কালাম, সাইদুল ইসলাম ও শাহীন মিয়া পুলিশের হাত থেকে বাঁচতে নদীতে লাফিয়ে পড়ে। সাইদুল ও শাহীন সাঁতরিয়ে তীরে ভীড়লেও আবুল কালাম নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার ৫ দিন পর পরিবারের লোকজন খবর পেয়ে বৃহস্পতিবার সকালে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের বেলকা ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ এস,কে আব্দুল্ল্যাহ আল সাইদ লাশ উদ্ধার হওয়ার কথা স্বীকার করেন।
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, আমি মিটিং এ আছি, বিষয়টি আমার নলেজে নাই। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ দাফনের প্রস্তুতি চলছে।