সিসি নিউজ: সৈয়দপুরে একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন থেকে সাড়ে ৮৪ হাজার টাকার ভারতীয় অবৈধ মালামাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে রাজশাহী থেকে আসা আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি ব্যাগের ভেতর থেকে ওই মালামালগুলো উদ্ধার করেছে জিআরপি পুলিশ। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় পটকা, মেয়েদের সোনালী রংয়ের কানের রিং ও দুই সাইজের গলার চেইন।
সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ সূত্র জানায়, প্রতিদিনের মতো শুক্রবারও রাজশাহী থেকে আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি নীলফামারীর উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত ৯টার দিকে ট্রেনটি সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ঢোকার প্রাক্কালে ট্রেনে নিরাপত্তার দায়িত্বে থাকা রেলওয়ে পুলিশের এক সদস্য ট্রেনের ৫২৩৪ নম্বর কোচের “জ” নম্বর বগির টয়লেটের পাশে বাজার করা একটি ব্যাগ মালিকবিহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন। ব্যাগটির কোন মালিকের খোঁজ পাওয়া যায়নি। পরে ব্যাগটি তল্লাশি করে ভেতরে ২৬০টি পটকা, ৪৪০ জোড়া সোনালী রংয়ের (ইমিটেশন) কানের রিং এবং দুই সাইজের যথাক্রমে ৫৪০ জোড়া ও ২৫২ জোড়া গলার চেইন পাওয়া যায়। উদ্ধারকৃত ওই সব ভারতীয় অবৈধ মালামালের আনুমানিক মূল্য ৮৪ হাজার ৫২০ টাকা বলে জানা গেছে।
সৈয়দপুর রেলওয়ে থানার ওসি এ,কে,এম লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় সৈয়দপুর জিআরপি থানায় একটি ডায়েরী করা হয়েছে।