রাজশাহী: প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী সফর সফল করতে রাজশাহী জেলার ছাত্রলীগের নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।
এ উপলক্ষে রবিবার দুপুরে রাজশাহীতে প্রস্তুতি সভা করেছে রাজশাহী জেলা শাখা ছাত্রলীগ। এতে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মানবতার সেবায় নিয়োজিত রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৪ সেপ্টেম্বর আসছেন। এ উপলক্ষে রাজশাহী বিভাগের অন্তর্গত প্রত্যেকটি শাখাকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, দেশের গরিব-দুঃখী মানুষের মুখে হাঁসি ফুটিয়েছেন দেশরত্ন শেখ হাসিনা। দেশের বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ রত্নশেখ হাসিনাকে সহযোগিতা করে তার হাতকে শক্তিশালী করতে হবে।
রোহিঙ্গা ইস্যু নিয়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের আওয়ামী লীগ সরকার সব সময় মানবিক। সে কারণে প্রধানমন্ত্রী তাদের জন্য যেমন ত্রাণ পাঠিয়েছেন, তেমনিভাবে রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিকভাবেও চাপ সৃষ্টি করতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
রাজশাহী জেলা শাখা ছাত্রলীগের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি অনিকা ফারিহা জামান, সাংগঠনিক সম্পাদক দারুস সালাম শাকিল, সজিব বিশ্বাস, সহ-সম্পাদক মো. আনোয়ার হোসেন জীবন, রাজশাহী জেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেরাজুল ইসলাম।