রংপুর: জেলার পীরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য নায়েব আলী আকন্দ গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা ৬ সেপ্টেম্বর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। ফলে উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।
তিনি উপজেলার ভেণ্ডাবাড়ী ইউনিয়নের মহেষপুর গ্রামের আব্দুল কাইয়ুম কবিরাজের ছেলে এবং নিধিরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় গত ৭ সেপ্টেম্বর সাধারণ ডায়েরি করেছেন তার ছোট ভাই ফরহাদ আহমেদ মোমিন।
পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে রংপুর বিআরটিএ অফিসে তার ব্যবহৃত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। এরপর আর বাড়ি ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
নায়েব আলীর স্ত্রী মৌলুদা বেগম জানান, তার দুই মেয়ে, একজন অষ্টম শ্রেণি ও অপরজন ১ম শ্রেণিতে পড়ে। তাদের বাবা ৫ দিন ধরে নিখোঁজ থাকায় বার বার কান্নায় ভেঙ্গে পড়ছে।
তিনি আরো জানান, প্রতিনিয়ত প্রতিবেশীরা তার বাড়িতে ভিড় করছেন এবং তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। কেউ জানেন না তিনি এখন কোথায় কী অবস্থায় আছেন।
নায়েব আলী উপজেলা বিএনপির সদস্য এ তথ্য নিশ্চিত করে পীরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম আজাদ বলেন, ‘তাকে অক্ষত অবস্থায় ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
নিখোঁজের ব্যাপারে ভেণ্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুশান্ত কুমার জানান, নায়েব আলীকে উদ্ধারে বিভিন্ন জায়গায় অভিযান চলছে। পুলিশ চেষ্টা করে যাচ্ছে।