সিসি ডেস্ক: কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ দিতে গিয়ে যাত্রাপথে খালেদা জিয়ার গাড়িবহরে ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার সারা দেশে জেলা সদরে এবং শনিবার ঢাকা মহানগরে এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি।
মঙ্গলবার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ বিতরণ শেষে ঢাকা ফেরার পথে ফেনীর মহিপাল এলাকায় খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার চেষ্টা হয়। দুর্বৃত্তদের ওই হামলায় কেউ হতাহত না হলেও দাঁড়িয়ে থাকা দুটি বাসে পেট্রোল বোমা মারা হয়।
এর আগে শনিবারও ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে ফেনীতেই তার গাড়িবহরে হামলা হয়। এ সময় গণমাধ্যমের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের পাশাপাশি বহরে থাকা বিএনপিরও অনেকগুলোর গাড়ি ভাঙচুর করা হয়।