ঢাকা, ০৮ ডিসেম্বর : রাজধানীর আফতাবনগরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুজন বনানীর আদম ব্যবসায়ী সিদ্দিক হোসেন মুন্সি হত্যা মামলার আসামি। আজ শুক্রবার ভোরে আফতাবনগরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে তাদের মৃত্যু হয়।
তারা হলেন পিচ্চি আল আমিন ও সাদ্দাম।
ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ব্যবসায়ী সিদ্দিক হত্যার আসামিদের গ্রেফতার করতে আফতাব নগর এলাকায় অভিযানে যায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় ২ জনকে পড়ে থাকতে দেখা যায়। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, পরে জানা যায় বনানী জনশক্তি রফতানি অফিসে ঢুকে ব্যবসায়ীকে যে ৪ জন হত্যায় অংশ নিয়েছিল তাদের মধ্যে দুজন তারা। একজন পিচ্চি আল আমিন, অপরজন সাদ্দাম।
গত ১৪ নভেম্বর রাত পৌনে ৮টার দিকে বনানী বি ব্লকের ৪ নম্বর রোডের ১১৩ নম্বর বাড়িতে এস মুন্সি ওভারসিস নামক প্রতিষ্ঠানে ঢুকে সন্ত্রাসীরা গুলি চালায়। এতে সিদ্দিক হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হন। একই ঘটনায় তিনজন আহত হন।