জয়পুরহাট প্রতিনিধি, ২৯ জানুয়ারী: জয়পুরহাট সদর উপজেলার হাটুভাঙ্গা গ্রামের মাঠে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৩০) নামে এক গভীর নলকুপ শ্রমিকের মৃত্যু হয়েছে। রফিকুল পাঁচবিবি উপজেলার কাঁশরা গ্রামের আব্দুস সামাদের ছেলে। সোমবার বেলা ১১ টায় গভীর নলকুপে অসাবধানতা বশত বৈদ্যুতিক সংযোগের কাজ করতে গেলে রফিকুল গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জয়পুরহাট সদর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মুমিনুল হক জানান, গভীর নলকুপের শ্রমিক রফিকুল হাটু ভাঙ্গা গ্রামের মাঠে কৃষি সেচ কাজে ব্যবহৃত বিদ্যুৎ চালিত একটি গভীর নলকুপে বৈদ্যুতিক সংযোগের কাজ করছিলেন। অসাবধানতা বশত বিদ্যুতের খোলা তারে জড়িয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করিয়ে দিলে দুপুরে রফিকুল মারা যান।