ঢাকা, ০৮ ফেব্রুয়ারি: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে সুপ্রিমকোর্টের মাজার গেটের সামনে পুলিশের সঙ্গে বিএনপিপন্থি আইনজীবীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শতাধিক আইনজীবী সুপ্রিমকোর্ট থেকে বকশীবাজারের আদালতের দিকে যেতে চাইলে আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেয়। তাদের বাধা উপেক্ষা করে আইনজীবীরা যেতে চাইলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পুলিশ আইনজীবীদের সুপ্রিমকোর্টের গেটের মধ্যে ঢোকায়। এর পর গেটে তালা লাগিয়ে দেয়। ভেতরে থেকে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। আর গেটের বাইরে অবস্থান নিয়েছে পুলিশ।
এর আগে সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া মামলার সংশ্লিষ্ট উকিল ছাড়া অন্য কাউকে আদালতে প্রবেশ করতে না দেয়ার নির্দেশ দিয়েছেন। বকশীবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালত ও আশেপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের সময় ডিএমপির লালবাগ বিভাগের ডিসি মোহাম্মাদ ইব্রাহিম খানকে এ নির্দেশনা দেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, মামলার সংশ্লিষ্ট উকিল ছাড়া অন্য কেউ গাউন পরে আসলেও তাদের আদালতে প্রবেশ করতে দেয়া হবে না।