পীরগঞ্জ, ৫ মার্চ: রংপুরে গরুচোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার ভোরে পীরগঞ্জ উপজেলার মাদারহাট গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে পীরগঞ্জ থানায় মামলা করেছে পুলিশ। পুলিশ জানায়, রাতে গরু চুরির উদ্দেশ্যে হেলাল উদ্দিনের গোয়ালঘরে প্রবেশ করে ছয় থেকে সাত জন। এসময় হেলালের চিৎকারে এলাকার লোকজন তাদের আটক করে।
বাকিরা পালিয়ে গেলেও গণপিটুনিতে আহত হয় ২ জন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হাসপাতালে নেয়ার পথে মারা যায় তারা। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে পীরগজ্ঞ থানার ওসি রেজাউল করিম জানান।