রংপুর, ১৮ মার্চ: জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি ক্ষমতায় আসলে সকলেই সেফ থাকবেন। আওয়ামীলীগ, বিএনপি’র কোন নেতাকর্মীদের জেলে থাকার ভয় থাকবেনা। থাকবেনা নির্বিচারে হত্যা ও গুম এর মত ঘটনা। ২৪ শে মার্চ মহাসমাবেশ সফল করার লক্ষ্যে শনিবার বগুড়া পর্যটন মোটেলে জাতীয় পার্টি রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
তিনি বলেন, উন্নয়নের মহাসড়ক এখন খাল খন্দকে ভরা। জাতীয় পার্টির শাসন আমলে যে উন্নয়ন হয়েছে। তা সংস্কার করতে ব্যর্থ হয়েছে বর্তমান আমার পরবর্তি সকল সরকার।
বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতি জাতীয় সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্না’র সভাপতিত্বে অনুষ্ঠিত রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু, প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এমপি, রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, এমপি শওকত চৌধুরী ও গাইবান্ধার সাবেক এমপি আব্দুর রশিদ সরকার।
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সদস্য নুরুল ইসলাম ওমর এমপি।
এ সময় জাতীয় পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব আব্দুর রাজ্জাক ও গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির এমপি প্রার্থী কাজী মসিউরসহ জাতীয় পার্টি রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।