• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন |
শিরোনাম :

চালু হলো বন্দিদের ফোনে কথা বলার সেবা ‘স্বজন’

টাঙ্গাইল: প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী কারাবন্দিদের আত্মীয়-স্বজনদের সঙ্গে মোবাইলে কথা বলার পাইলট প্রকল্প হিসেবে টাঙ্গাইল জেলা কারাগারে চালু হয়েছে মোবাইল ফোন সেবা ‘স্বজন’।

বুধবার দুপুরে টাঙ্গাইল কারাগার প্রাঙ্গণে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এই প্রকল্প উদ্বোধন করেন। উদ্বোধনের সময় তিনি কারাগারে মোবাইল ফোনে বেশ কিছুক্ষণ কথা বলেন। পরে এক অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী এটুআই কর্মসূচির মাধ্যমে এ কার্যক্রম সফল হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল কারাগারে এ ব্যবস্থা চালু করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, শান্তিপ্রিয় প্রতিটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালোনোর জন্য কাউকে বাধা দেয়া হচ্ছে না। নিরাপত্তার জন্য এক স্থান থেকে অন্য স্থানে বা অন্য দিন কর্মসূচি পালন করার জন্য বলা হচ্ছে।

তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার সবারই রয়েছে। যদি সবাই শান্তিপূর্ণ অবস্থায় তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করে থাকে, তাহলে আমরাও শান্তিতে থাকতে পারি। শুধু বিএনপি নয়, সব দলের রাজনৈতিক এই স্বাধীন দেশে তাদের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবে।

এছাড়া আসাদুজ্জামান খাঁন বলেন, মুক্তিযোদ্ধা ফারুক হত্যাসহ সকল হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেফতার করা হবে। প্রধানমন্ত্রী বলেছেন আইন সবার জন্য সমান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ব্রি. জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন প্রমুখ। এ সময় জেলা ও পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবারই প্রথম বারের মতো বন্দিদেরকে পরিবারের আরো কাছাকাছি থাকতে চালু করা হলো এই মোবাইল ফোন সেবা। ‘প্রিজন লিঙ্ক- স্মার্ট কমিউনিকেশন সিস্টেম ফর ইনমেটস অ্যান্ড রিলেটিভস’ নামের এই প্রকল্প ‘স্বজন’ হিসেবে পরিচিতি পাবে।

প্রকল্পের নিয়ম অনুযায়ী একজন করাবন্দি মাসে দুই বার এবং প্রতিবারে সর্বোচ্চ ১০ মিনিট করে কথা বলতে পারবেন। এছাড়া প্রতি বন্দি শুধু দু’জন নিকটাত্মীয়ের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন।

তবে সাধারণ বন্দিরা এই সুবিধার আওতায় থাকলেও জঙ্গি আর শীর্ষ সন্ত্রাসীরা কারো সঙ্গেই মোবাইল ফোনে কথা বলার সুযোগ পাবেন না বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

টাঙ্গাইল জেলা কারাগার সূত্রে জানা গেছে, টাঙ্গাইল জেলা কারাগারে চালু হওয়া এ সেবার জন্য কারাগারের অভ্যন্তরে চারটি বুথ স্থাপন করা হয়েছে। একটি কক্ষের মধ্যেই স্থাপন করা হয়েছে এগুলো। মোবাইল ফোনে একই সময়ে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন চার বন্দি।

প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টার মধ্যে কথা বলার সুযোগ দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ