গাজীপুর, ০৬ মে: গাজীপুরের টঙ্গীতে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ দলটির অন্তত ১০ নেতাকে আটক করেছে পুলিশ। নোমানের সহকারী নুরুল আজিম হীরু রবিবার বিকালে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের এক সংবাদ সম্মেলনে রবিবার বিকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নোমান। সেখান থেকে বেরিয়ে আসার কিছুক্ষণ পরই নোমানকে আটক করে পুলিশ।
নোমানের ব্যক্তিগত সচিব (পিএস) নুরুল আজিম হীরু বলেন, “হাসান সরকারের বাসায় সংবাদ সম্মেলন শেষে বের হয়ে টঙ্গী পৌরসভার কাছে গেলে স্যারকে পুলিশ তুলে নিয়ে যায়।”
নোমানসহ ১৩ জনকে টঙ্গী থানায় নেয়া হয়েছে বলে জানিয়েছেন এএসআই তানিয়া আক্তার।