সিসি নিউজ, ১০ মে: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজকে ট্রাইব্যুনালের সব মামলা পরিচালনার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। তার কাছে থাকা যুদ্ধাপরাধ মামলার সব নথি প্রসিকিউশনে জমা দেয়ার নির্দেশও দিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু।
প্রসিকিউশনের অভিযোগ, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ২৪ এপ্রিল গ্রেফতার পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মুহাম্মদ ওয়াহিদুল হকের (৬৯) সঙ্গে তুরিন আফরোজ গোপনে বৈঠক ও টেলিফোনে আলাপ করেছেন।
ওয়াহিদুল হকের বিরুদ্ধে একাত্তরে পাকিস্তান সেনাবাহিনীর সদস্য হিসেবে রংপুর ক্যান্টনমেন্টে চালানো গণহত্যায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তুরিন আফরোজ এই মামলা পরিচালনার দায়িত্ব পাওয়ার পর গত বছরের নভেম্বরে ওয়াহিদুল হককে ফোন করে কথা বলার পর পরিচয় গোপন করে ঢাকার একটি হোটেলে তার সঙ্গে দেখা করেন বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, তাদের কথোপকথনের রেকর্ড ও বৈঠকের অডিওরেকর্ডসহ যাবতীয় তথ্য-প্রমাণ ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এসব বিষয়ে সরাসরি কোনো জবাব না দিলেও নিজের ফেসবুক পোস্টে নিজেকে নির্দোষ দাবি করছেন তুরিন আফরোজ। তবে ওই গোপন বৈঠকের কথা অস্বীকারও করেননি তিনি।
যুদ্ধাপরাধের বিচারে ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের তিন বছরের মাথায় প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছিলেন তুরিন আফরোজ। জামায়াতে ইসলামীর আমির গোলাম আযমের মামলাসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মামলা পরিচালনায় ভূমিকা রয়েছে তার।