সিরাজগঞ্জ, ৩০ সেপ্টেম্বর: সিরাজগঞ্জে বেলকুচি উপজেলার ধুলদিয়ার গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ রেবা আলিম (৩৪) নামে এক নারী ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র্যাব -১২ সদস্যরা। তিনি ওই গ্রামের আব্দুল আলীমের স্ত্রী ও ধুকুরিয়া বেড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য। আজ রবিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে ক্যাম্পের কমান্ডার সাকিবুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে ওই উপজেলার ধুলদিয়ার গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি শুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।