দিনাজপুর, ৩০ মে ।। নিদিষ্ট সময়ের ৮ বছর পর জেল থেকে মুক্তি পাওয়ার এক বছর পর আজাহার আলী রাজাকে একটি ব্যাটারিচালিত ভ্যান উপহার দিল সমাজসেবা অধিদপ্তর। বৃহস্পতিবার (৩০ মে) দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম ব্যাটারিচালিত ভ্যান ও কিছু নগদ অর্থ আজাহার আলী রাজার হাতে তুলে দেন।
১৯৯৮ সালে শ্বশুর আব্দুর জব্বারকে খুনের অপরাধে ২০০৫ সালে আজাহারকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন নিম্ন আদালতের বিচারক। উচ্চ আদালতে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে তার করা জেল আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে ২০১০ সালের ২৪ অক্টোবর হাইকোর্টের রায়ে খালাস পান আজাহার আলী রাজা।
এরপর অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হতে ৮ বছর সময় পেরিয়ে যায়। অবশেষে ২০১৮ সালের ২৩ মে বুধবার সন্ধ্যায় কারাগারে আজাহারের বৈধ মুক্তির কাগজ পাওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়।
মুক্তি পাওয়ার পর আজাহার আলী রাজা আর্থিক, পারিবারিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তাকে আবারো স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সমাজবেসা অধিদপ্তরের ‘প্রবেশন কার্যক্রম’ এর আওতায় ‘অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি’র তহবিল থেকে একটি ব্যাটারিচালিত ভ্যান ও কিছু নগদ অর্থ আজাহার আলী রাজার হাতে তুলে দেন প্রশাসক মো. মাহমুদুল আলম।
এ সময় আজাহার আলী বলেন ২০ বছর জেলে থাকার কারণে তিনি আর্থিক, পারিবারিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। এই ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে এখন তিনি জীবিকা নির্বাহ করতে পারবেন। তিনি এ জন্য জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতাজ্ঞাপন করেন।