
সিরাজগঞ্জ, ১৯ আগষ্ট ।। জেলার শাহজাদপুর উপজেলার পৌর এলাকার চুনিয়াখালিপাড়া গ্রামের মা ও মেয়ে তিন দিন ধরে নিখোঁজ হয়েছেন।
একই গ্রামের কাপড় ব্যবসায়ী আল মুবিন জনের স্ত্রী রুমকি পারভীন(২৬) ও তার একমাত্র কন্যা জাহ্রা খাতুন(৩) বেড়াতে গিয়ে নিখোঁজ হয়।
এ ঘটনায় ব্যবসায়ী আল মুবিন জন শনিবার রাতে শাহজাদপুর থানায় একটি জিডি করেছেন। জিডি নং ৯০০,তাং ১৭/৮/২০১৯ইং।
আল মুবিন জন জানান, বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে ঈদ উপলক্ষে উপজেলার ভেরুয়াদহ গ্রামে খালার বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই তারা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাদের পাওয়া যায়নি।
নিখোঁজ রুমকির মা জিনাত রেহানা রিনা জানান, নিখোঁজের ২ ঘণ্টা পর বগুড়া থেকে বুলবুল তালুকদার নামের এক যুবক আমার বোন জাহানারা বেগম মিনির কাছে ফোন দিয়ে জানায়, রুমকি ও শিশু জাহ্রা খাতুন তার হেফাজতে আছে। এরপর থেকে ওই ফোন নম্বর বন্ধ রয়েছে।
আল মুবিন বলেন, তার ধারণা মোটা অংকের টাকা হাতিয়ে নিতে ওই অপরিচিত যুবক তার স্ত্রী ও মেয়েকে অপহরণ করে করেছে। দ্রুত তাদের উদ্ধার করতে না পারলে তাদের হত্যার পর লাশ গুম করে ফেলার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, আমরা নিখোঁজ রুমকি ও শিশু জাহ্রা খাতুনকে উদ্ধারের চেষ্টায় আছি। আশা করছি অল্প সময়ের মধ্যেই তাদের উদ্ধারে আমরা সক্ষম হব।