ঢাকা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০১৪ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আবদুল জব্বার। সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন আতিকুর রহমান। ছাত্রশিবিরের এক প্রেস বার্তায় এ তথ্য জানা যায়।
সোমবার বিকাল ৩টায় রাজধানীর এক মিলনায়তনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অধিবেশনে নির্বাচিত সভাপতির নাম ঘোষণা করা হয়। সভাপতিকে শপথ পাঠ করান ছাত্রশিবিরের সহকারী নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বুলবুল।
গত ২২ থেকে ২৪ জানুয়ারি দেশব্যাপী একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিবারের মত এবারো গোপন ব্যালটে ভোট নেয়া হয়। সোমবার কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অধিবেশনে নব নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সভাপতি ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী ২০১৪ সেশনের জন্য কার্যকরী পরিষদের সাথে পরামর্শ করে আতিকুর রহমানকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দান করেন।
আবদুল জব্বার এর আগে শিবিরের সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় দফতর সম্পাদক, সাহিত্য সম্পাদক, প্রকাশনা সম্পাদক এবং চট্টগ্রাম মহানগরী দক্ষিণ ও উত্তর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
নতুন মনোনীত সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান কেন্দ্রীয় দফতর সম্পাদক, সাহিত্য সম্পাদক, প্রকাশনা সম্পাদক ও ঢাকা মহানগরী উত্তর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।