চট্টগ্রাম, ১৮ অক্টোবর।। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে চার্জার লাইটের ভেতরে লুকিয়ে আনা ১৩০টি সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস। আজ শুক্রবার সকালে জয়নাল আবেদীন নামে শারজাহফেরত ওই যাত্রীকে আটক করা হয়।
বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম বলেন, শুক্রবার সকাল ৯টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে জয়নাল চট্টগ্রামে পৌঁছান। সন্দেহ হওয়ায় ব্যাগেজ বেল্টে তার লাগেজ তল্লাশি করা হয়। এ সময় চার্জ লাইটের ভেতরে কৌশলে লুকিয়ে আনা ১৩০টি সোনার বিস্কুট পাওয়া যায়। উদ্ধার করা সোনার ওজন ১৫ কেজি ১৬৩ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য সাড়ে ৬ কোটি টাকা।