সিসি নিউজ: সৈয়দপুরে সিটি কমিউনিটি হাসপাতালের পরিচালক ও মেডিক্যাল কোচিং সেন্টার “বিটস্” এর সার্বিক তত্ত্বাবধায়ক প্রভাষক মো. আব্দুল হাফিজ হাপ্পু’র ব্যবহৃত একটি মোটরসাইকেল চুরি গেছে। সোমবার রাতে শহরের শহীদ তুলশীরাম সড়কের (দিনাজপুর রোড) সিটি কমিউনিটি হাসপাতালের নিচ থেকে মোটরসাইকেলটি চুরি যায়।
জানা গেছে,ওই দিন রাত আনুমানিক সাড়ে ৯টার সময় শহরের সিটি কমিউনিটি হাসপাতালের পরিচালক (এমডি) ও মেডিক্যাল কোচিং সেন্টার “বিটস্” এর সার্বিক তত্ত্বাবধায়ক প্রভাষক মো. আব্দুল হাফিজ হাপ্পু তাঁর ব্যবহৃত ১২৫সিসি ডিসকভার ব্লু রঙের মোটরসাইকেলটি (নম্বর: দিনাজপুর-হ-১১-৯৪২১) নিয়ে হাসপাতালে যান। তিনি মোটরসাইকেলটি নিচে রেখে তিন তলা হাসপাতালে উঠেন। এরপর তিনি কাজকর্ম শেষে ১০/১৫ মিনিট পরে তিন তলা হাসপাতাল থেকে নেমে এসে দেখেন নিচে রক্ষিত স্থানে তাঁর মোটরসাইকেলটি নেই। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তিনি আর তাঁর মোটরসাইকেলটির কোন সন্ধান পাননি।
চুরি যাওয়া মোটরসাইকেলটির ব্যাপারে সৈয়দপুর থানা পুলিশকে মৌখিকভাবে অবগত করা হয়েছে বলে জানান মোটরসাইকেলের মালিক প্রভাষক আব্দুল হাফিজ হাপ্পু।
এর আগেও প্রভাষক আব্দুল হাফিজ হাপ্পুর ব্যবহৃত ওই মোটরসাইকেলটি তাঁর মিস্ত্রিপাড়া মসজিদ রোডের বাড়ি থেকে চুরি করে নিয়ে যাওয়ার প্রাক্কালে তা উদ্ধার করে সৈয়দপুর সদর পুলিশ ফাঁড়ির এটিএসআই মো. মোস্তাক আলী।