ঢাকা: বিএনপির কালো পতাকা মিছিলের অনুমতি না দেয়ায় দেশের জেলা পর্যায়ে এবং ঢাকা মহানগরের ওয়ার্ড পর্যায়ে এই কর্মসূচি পালন করবে ১৯ দলীয় জোটের নেতাকর্মীরা।
মঙ্গলবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ কথা বলেন।
তিনি বলেন, সরকার এখনো আমাদের কর্মসুচি পালনে অনুমতি দেয়নি। অনুমতি না পেলে দেশের জেলা পর্যায়ে এবং ঢাকা মহানগরের ওয়ার্ড পর্যায়ে এই কর্মসূচি পালিত হবে। তবে সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। আমাদের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অনুমতি দেয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আসাদুজ্জামান রিপন বলেন, দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে। আমাদের দলীয় কার্যালয় মাঝেমধ্যেই অবরুদ্ধ করে রাখা হয়। আজো সেই বৈরী পরিবেশ সৃষ্টি করা হয়েছিল।
একটি মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়ে যে বিচারক রায় দিয়েছেন তাঁকে সরকার হয়রানি করছে। একই সঙ্গে তারেক রহমানের শাশুড়িকেও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পদাক খায়রুল কবীর খোকন, সহদপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাৎ, যুবদলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল, ছাত্রদলের মো. নাজমুল হাসান, আব্দুস সাত্তার, সেলিনা সুলতানা নিশিতা প্রমূখ।