আন্তর্জাতিক ডেস্ক।। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে ৫৪ হাজারের বেশি কারাবন্দিকে সাময়িকভাবে মুক্তি দিয়েছে ইরান। মঙ্গলবার দেশটিতে এই ভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহভাবে ছড়িয়ে পড়ার মধ্যে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।
বিবিসির এক প্রতিবেদনে সংবাদ প্রকাশ করা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইল সাংবাদিকদের জানান, পরীক্ষায় এই ব্যক্তিদের কারো শরীরের করোনাভাইরাসের অস্তিত্ব না পাওয়া জামিনে সাময়িকভাবে তাদের মুক্তি দেওয়া হয়েছে।
তবে পাঁচ বছরের বেশি মেয়াদের দণ্ডাদেশপ্রাপ্তরা এই মুক্তির আওতায় নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
করোনার সংক্রমণে দেশটিতে প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যাও। ইরানে মঙ্গলবার পর্যন্ত সবমিলিয়ে এই ভাইরাসে মারা গেছেন ৭৭ জন। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৩৬ জনে।
এদিকে দেশটির অন্তত ২৩ জন এমপি ও জরুরি স্বাস্থ্যসেবার প্রধান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এর আগে, সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা মোহাম্মদ মীর মোহাম্মদী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন। সোমবার রাষ্ট্রীয় বেতারের এক প্রতিবেদনে খামেনির শীর্ষ ওই উপদেষ্টার প্রাণহানির তথ্য নিশ্চিত করা হয়।
বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। ৭০টিরও বেশি দেশে এরই মধ্যে করোনা রোগী শনাক্ত করা হয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত সবমিলিয়ে সারাবিশ্বে প্রাণ হারিয়েছেন ৩১১০ জন। এতে সংক্রমিত হয়েছেন ৯০ হাজারের বেশি মানুষ।