নিউজ ডেস্ক: র্যাব ও পুলিশের সঙ্গে পৃথক ’বন্দুকযুদ্ধে’ সিরাজগঞ্জ এবং নোয়াখালীতে দুইজন নিহত হয়েছেন। বুধবার দিনগত গভীর রাতে সিরাজগঞ্জে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাবলু (৩২) নামে এক শীর্ষ সন্ত্রাসী এবং নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বিএনপি নেতা তৌহিদুল ইসলাম (৪৩) নিহত হন। নিহত বাবলু সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামের আ. ওয়াহাবের ছেলে। তার বিরুদ্ধে ৩টি হত্যা মামলা রয়েছে। সম্প্রতি সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম হত্যা মামলারও এজাহারভুক্ত আসামি বাবলু।
নোয়াখালীর সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ জানান , গত মঙ্গলবারে র্যাবের একটি দল তৌহিদুলকে ঢাকায় আটক ও পল্টন থানায় সোপর্দ করে। সোনাইমুড়ি থানার পুলিশের একটি দল বুধবার তাঁকে ঢাকা থেকে নিয়ে আসে। থানায় আনার পর জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী গ্রামের বাড়ি ভদ্রগাঁওয়ের রান্নাঘর থেকে গুলিভর্তি একটি এলজি উদ্ধার করা হয়। এরপর তাঁকে নিয়ে থানায় আসার পথে মেহেদিপাড়া নামক স্থানে বিএনপির কর্মীরা পুলিশের গাড়িতে হামলা চালান। এ সময় দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। একপর্যায়ে তৌহিদুল গুলিবিদ্ধ হন। তাঁর বিরুদ্ধে একটি হত্যাসহ সাতটি মামলা রয়েছে।