বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর গ্রামে যাত্রামঞ্চে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে শিশুসহ তিনজন আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১২টার দিকে যাত্রাপালা চলার সময় এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, কে বা কারা হাত বোমা নিক্ষেপ করেছে তা জানা যায়নি। ককটেল বিস্ফোরণের পর লোকজন ছোটাছুটি করতে থাকেন। এ সময় পায়ের নিচে পড়ে তিনজন আহত হন। ঘটনার পর যাত্রাপালা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) লুৎফর রহমান জানান, জনমনে আতঙ্ক ছড়াতে এমন ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।