বিশেষ প্রতিনিধি, ১১ এপ্রিল ।। করোনা ভাইরাস মোকাবেলায় নীলফামারীর ডোমার থানা পুলিশকে সুরক্ষা সামগ্রী উপহার দিল সাবেক ছাত্র নেতা ও সার্জিক্যাল সামগ্রী ব্যবসায়ী মামুনুর রশীদ বসুনিয়া সজিব। শনিবার সন্ধ্যায় ডোমার থানায় গিয়ে অফিসার্স ইনচার্জ মো: মোস্তাফিজার রহমানের হাতে দুই শত হ্যান্ডগ্লাভস ও এক শত নন-ওভেন মপক্যাপ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়।
থানার অফিসার্স ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, আমরা পুলিশ সদস্যরা করোনা প্রতিরোধে দিন-রাত কাজ করে যাচ্ছি। পুলিশ সদস্যদেরও সুরক্ষা সামগ্রী প্রয়োজন। তিনি ডোমারের সকল সচেতন মানুষকে নিজে ও আশ্বপাশের সকলকে ঘরের ভিতর রাখার জন্য কাজ করার আহবান জানান।
সাবেক ছাত্র নেতা সজিব বসুনিয়া জানান, গত পরশু দিন চিলাহাটিতে করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধ মারা যায়। তার জানাজা ও দাফনে আত্মীয়-স্বজন কেউ এগিয়ে আসে নাই। তখন ডোমার থানার ওসির নেতৃত্বে পুলিশ সদস্যরা ওই ব্যক্তির জানাজা ও দাফন কাজ করে। পুলিশ সদস্যরা সবসময় ঝুঁকির মধ্যে থাকে। তাই পুলিশ সদস্যদের আমি সামান্য উপহার দিতে পেরে, আমার নিজেরও ভালো লাগছে।