কুমিল্লা, ১৯ এপ্রিল ।। কুমিল্লার বুড়িচংয়ে স্বাস্থ্য কর্মকর্তার গাড়ি চালকসহ নতুন করে দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া দাউদকান্দিতে আরেকজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কুমিল্লায় ৩৫ জন করোনায় আক্রান্ত হলেন।
রোববার বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লার সিভিল সার্জন কার্যালয়।
রোববার দুপুরে বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন মিঠু জানান, তার গাড়ির চালক (২৫) ও পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের এক কিশোরী (১০) নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তিনি জানান, এই পর্যন্ত বুড়িচং উপজেলার ৬৮ জনের নমুনা সংগ্রহ করার পর পরীক্ষায় পজিটিভ এসেছে চারজন শিশু, দুইজন নারী, একজন পুরুষের।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাহীনুর আলম সুমন জানান, উপজেলার পাঁচ গাছিয়া ইউনিয়নের চিরার চর গ্রামের নারায়ণগঞ্জ থেকে আসা গার্মেন্টসকর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন। এবার তার স্ত্রী আক্রান্ত হলেন। নারীর বয়স ৩৪ বছর।