
সিসি নিউজ।। বর্তমানে অনলাইন নির্ভর জগতে ডিজিটাল মার্কেটিংয়ের অপরিসীম গুরুত্ব বিবেচনা করে এবার ফেসবুক ভিত্তিক গ্রুপ ও স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুরের উদ্দ্যোগে ডিজিটাল মার্কেটিংয়ের উপর ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সৈয়দপুরের শিক্ষার্থীদের জন্য ফ্রি এই প্রশিক্ষণের জন্য শতাধিক শিক্ষার্থী নিবন্ধন করেছেন। এরই মধ্যে প্রশিক্ষণের জন্যে বাছাইকৃতদের কনফার্মেশন মেসেজ দেওয়া হয়েছে।
১৫ ই জুলাই বুধবার ওরিয়েন্টেশন ক্লাসের মধ্য দিয়ে শুরু হওয়া এই কর্মশালার প্রশিক্ষক নাসিম আব্বাস রনি। ফেক্সপ্রোআইটির সহযোগিতায় শিক্ষানগরী সৈয়দপুরের এই প্রশিক্ষণে ক্লাস নেওয়া হয় অনলাইনে। প্রাথমিকভাবে বাছাইকৃতদের নিয়ে ডিজিটাল মার্কেটিংয়ের উপর দুই মাসব্যাপী চলবে এই প্রশিক্ষণ। এরপরই গ্রাফিক্স ডিজাইন শিখতে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে শিক্ষানগরী সৈয়দপুরের আরেকটি কর্মশালার আয়োজন করা হবে।শিক্ষানগরী সৈয়দপুরের কর্মশালায় অংশগ্রহণকারীদের পরবর্তীতে ফেক্সপ্রোআইটির পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে।
কর্মশালার ব্যাপারে ফেক্সপ্রোআইটির কর্ণধার ও প্রশিক্ষক নাসিম আব্বাস রনি বলেন, ‘শিক্ষানগরী সৈয়দপুরের উদ্দ্যোগে ফ্রি এই প্রশিক্ষণে আমাদের উদ্দেশ্য মূলত ডিজিটাল মার্কেটিংয়ের উপর শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো। বর্তমানে পড়াশোনার ফাকে ফাকে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করে অনেক শিক্ষার্থী আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। আমরা এই প্রশিক্ষণের মাধ্যমে যে শুধু কাজ শেখাবো তা কিন্তু নয়, তাদের কাজ পাইয়ে দেওয়ার ব্যবস্থাও করে দিবো। আশাকরি আমাদের এই প্রশিক্ষণের মাধ্যমে দেশের এই দূর্যোগকালীন সময়ে সৈয়দপুরের ঘরবন্দী শিক্ষার্থীরা একটু হলেও উপকৃত হবে।’
প্রসঙ্গক্রমে, করোনাকালীন এই সময়ে ঘরবন্দী শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে শিক্ষানগরী সৈয়দপুরের পক্ষ থেকে বিভিন্ন উদ্দ্যোগ গ্রহণ করা হয়েছে। এরইমধ্যে সৈয়দপুরের জনপ্রিয় এই ফেসবুক গ্রুপে আবৃত্তি, চিত্রাঙ্কন, গল্প, গজল ও বলার মতো একটি গল্প প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। এর পাশাপাশি এবার ৩১ হাজার মেম্বারের ফেসবুক গ্রুপ শিক্ষানগরী সৈয়দপুরের উদ্দ্যোগে ডিজিটাল মার্কেটিংয়ের উপর ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থা করা হলো।