ঢাকা: রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে এক নারী চিকিৎসকের কাছ থেকে স্বর্ণের বালা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় শাহজালাল নামের এক ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
সোমবার রাত সোয়া ৮টার দিকে স্টেডিয়ামের ২ নম্বর গেটে এ ঘটনা ঘটে। পরে আহত ওই ছিনতাইকারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যায় পুলিশ।
হাসপাতাল সূত্র জানায়, রাতে ডা, জোহরা নামের এক নারী চিকিৎসক স্টেডিয়ামের জুয়েলারি দোকানে যান। দোকান থেকে বের হয়ে যাবার সময় সংঘবদ্ধ ছিনতাইকারী গ্রুপের শাহজালাল কৌশলে নারী চিকিৎসকের ভ্যানিটি ব্যাগের চেইন খুলে স্বর্ণের হাতের দু’টি বালা নিয়ে পালানোর চেষ্টা করে।
এ সময় নারী চিকিৎসক চিৎকার করলে স্টেডিয়ামের ব্যবসায়ী ও আশপাশের লোকেরা ধাওয়া দিয়ে শাহজালালকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে শাহজালালকে উদ্ধার করে ঢামেকে এনে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়।
পল্টন থানার পরিদর্শক (তদন্ত) তোফাজ্জল হোসেন জানান, শাহজালালসহ তিন ছিনতাইকারী নারী চিকিৎসকের ব্যাগ থেকে স্বর্ণের বালা নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ব্যবসায়ীরা শাহজালালকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। তবে ছিনতাই হওয়া নারী চিকিৎসকের বালাগুলো উদ্ধার করা যায়নি।
তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে শাহজালাল তার সঙ্গে থাকা অপর দুই ছিনতাইকারীর নাম বলেছে। তাদের ধরতে অভিযান চলছে এবং স্বর্ণ উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।