ঢাকা, ০৫ সেপ্টেম্বর।। নারায়ণগঞ্জের পশ্চিমতল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জুয়েলের শরীরের ৯৫ শতাংশ পোড়া ছিল।
বার্ন ইউনিটের সহকারী পরিচালক ডা. হুসেইন ইমাম জানান, দগ্ধদের সবারই শ্বাসনালি পুড়ে গেছে। রোগীদের সবারই শরীরের কমপক্ষে ৩০ শতাংশ পুড়ে গেছে।
হুসেইন ইমাম আরও বলেন, ‘আহত রোগীদের সবারই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বিস্ফোরণের ঘটনায় আহতদের জন্য একটা ডেডিকেটেড ওয়ার্ড করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এসেছিলেন। সরকারি ব্যবস্থাপনায় সবারই চিকিৎসা চলবে। রোগীদের কার কী অবস্থা এটি কাল নাগাদ সুনির্দিষ্ট করে বলা যাবে। তবে কেউ শঙ্কামুক্ত নন।’
শুক্রবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা প্রায় ৪০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে জাতীয় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।