সিসি ডেস্ক, ১৩ সেপ্টেম্বর ।। স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে রোববার থেকে বিমানে শতভাগ যাত্রী বহন করতে পারবে সরকারি-বেসরকারি বিভিন্ন এয়ারলাইন্স। এখন পাশাপাশি সিটে বসতে পারবেন যাত্রীরা। শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানিয়েছে।
এর আগে ১ জুন থেকে স্বল্প পরিসরে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হয়। করোনাভাইরাসের কারণে ওই সময় শতকরা ৭৫ ভাগ যাত্রী চলাচলের অনুমতি দিয়েছিল বেবিচক। এখন থেকে শতভাগ যাত্রী বহন করা যাবে।
এদিকে, অভ্যন্তরীণ আকাশ রুটে চলাচলে বাড়ছে যাত্রীদের চাপ। ফলে উড়োজাহাজের সিটে বসায় এখন আর কোনো বিধিনিষেধ থাকছে না। তবে আন্তর্জাতিক রুটের ক্ষেত্রে এখনও এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, কভিড-১৯ মহামারির কারণে বিমানে শতকরা ৭৫ শতাংশ যাত্রী বহনের অনুমতি ছিল। বর্তমানে অভ্যন্তরীণ রুটে যাত্রীদের চাপ বৃদ্ধি এবং এয়ারলাইন্সগুলোর চাহিদার কারণে শর্ত স্বাপেক্ষে বিমানে শতভাগ যাত্রী বহনের অনুমতি দেওয়া হয়। শর্তগুলোর মধ্যে বিমানের সামনের অথবা পিছনের দুই সারির সিট খালি রাখতে হবে। এ ছাড়া এয়ারলাইন্সের পক্ষ থেকে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য তাদের মাস্ক সরবরাহ করা হবে।