সিসি নিউজ: দিনাজপুরের পার্বতীপুরে এক কলেজ ছাত্রী সিলিং ফ্যানে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। সে খোলাহাটি কান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এইচএসসির কমার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী। এ ঘটনায় সোমবার রাতে একজনকে আসামী করে ভিকটিমের পিতা রেহানুজ্জামান ওরফে রেহান বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী/৩ এর ৯ (ক) ধারায় একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, গত সোমবার বিকেলে খোলাহাটি কান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের উত্তর পার্শ্বে জনৈক শফিকুল ইসলাম ওরফে মানিকের সামছুনাহার ছাত্রী নিবাসের ২য় তলায় ফুলবাড়ী উপজেলার সুজানগর গ্রামের রেহানুজ্জামান ওরফে রেহানের মেয়ে সাবরিনা ইয়াসমিন ইভা (১৮) সিলিং ফ্যানে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয়।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, ফুলবাড়ী উপজেলার পশ্চিম নারায়নপুর গ্রামের মোশারফ হোসেনের পুত্র সারওয়ার ওরফে বাবু (২৫) ভিকটিমের পিতাকে মোবাইল ফোনে বলে আপনার মেয়ের সাথে আমার বিয়ে না দিলে আপত্তিকর ভিডিও ফুটেজ ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে আসছে।
এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার তদন্তে ওসি ও (মামলার তদন্তকারী কর্মকর্তা) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, এটা প্রেম ঘটিত একটি ঘটনা, তবে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।