গোলাম মুর্ত্তজা: সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহারে সরকারি খাস জমির উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩ টার সময় উপজেলার মানিকুড়া দিঘীপাড়া গ্রামে সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, বেশ কিছুদিন আগে উপজেলা প্রশাসনের উদ্যেগে মানিকুড়া গ্রামে দিঘীর পাড়ে ২৫ শতাংশ জমির উপর প্রধানমন্ত্রীর নির্দেশনায় গৃহহীনদের ঘর করে দেওয়ার লক্ষ্যে পরিস্কার- পরিচ্ছন্নতা করা হয়। এরই মধ্যে কিছু অসাধু মহল টিনশেড দিয়ে রাতারাতি সেই স্থানে ৮টি ঘর স্থাপন করে। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে তাদেরকে ঘর উঠিয়ে নেওয়ার জন্য নির্দশনা প্রদান করা হয়। কিন্তু তারা প্রশাসনের নির্দেশনাকে তোয়াক্কা না করে নিজেদের মতো চলতে থাকে। পরবর্তী সময়ে উপজেলা প্রশাসনের প্রদত্ত নির্দেশনা অনুযায়ী বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেনের নের্তৃত্বে থানা পুলিশ সহ অভিযান চালিয়ে সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী জানান, তাদের কোনো কাগজপত্র নেই। তারা অবৈধভাবে খাসজমি জবর-দখল করে স্থাপনা তৈরী করেছিলো। তাদের নিজেদেরকে উঠিয়ে নিতে ১ মাস সময় দেওয়া হয়। এতে তারা তাদের স্থাপনা না উঠায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।