নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটী বৌবাজার গ্রামে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে ওই তিন শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে বলে পরিবার দাবি করলেও স্বাস্থ্য বিভাগের দাবি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে ওই শিশুরা। এদিকে ওই এলাকায় আরও ১০ শিশু ডায়রিয়ায় রোগে আক্রান্ত রয়েছে বলে জানান ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদের সদস্য জাকারিয়া। অপর দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবার সকাল থেকে সেখানে মেডিক্যাল টীম কাজ করেছে বলে জানানয় স্বাস্থ্য বিভাগ। এলাকাবাসি জানায়, বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের বটতলী এলাকার গোমদ্দি মিয়ার শিশু পুত্র (৯মাস) নিজ বাড়িতে ডায়রিয়ায় মারা যায়। এ ছাড়া মঙ্গলবার বিকেলে উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটি বউ বাজার এলাকার সুজন মিয়ার চার মাসের শিশু ঈদুল ও একই এলাকার ফারুক আহমেদের ছয় মাসের শিশু বেবী প্রচন্ড শীতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। এছাড়াও ওই এলাকায় আরো ১০ শিশু আক্রান্ত রয়েছে এই রোগে। এদের মধ্যে ঈদুল ডোমার হাসপাতালে ও বেবীকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
মৃত শিশু ঈদুলের বাবা সুজন মিয়া জানান, তার চার মাসের ছেলে ঈদুলকে ঠান্ডা লাগলে পাতলা পায়খানা করতে থাকে। পরে তার শ্বাসকষ্ট দেখা দেয়। এরই এক পর্যায়ে মঙ্গলবার বিকেলে হাসপাতালে নিলে সেখানে মারা যায় সে। অপর দিকে একই ভাবে শিশু বেবীকে হাসপাতালে নেয়ার পথে মারা যায় বলে জানান তার বাবা ফারুক আহমেদ।
ওই ইউনিয়নের ইউপি সদস্য জাকারিয়া হোসেন জানান, গ্রামে আরও ১০ শিশু এমন রোগে আক্রান্ত হয়েছে। বুধবার সকাল থেকে এলাকায় একটি মেডিক্যাল টিম কাজ করছে।
এ ব্যাপারে বুধবার বিকালে ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই দুই শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। সেখানে একটি মেডিক্যাল টীম কাজ করছে। বেশ কয়েকটি শিশু ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আক্রান্ত এলাকায় জনপ্রতিনিধিদের মাধ্যমে খাবার সেলাইন বিতরণ করা হচ্ছে। পরিস্থিতি অনুকুলে রয়েছে বলে জানান এই কর্মকর্তা।