সিসি নিউজ ডেস্ক ।। করোনা সংক্রমণ বাড়লে পরিস্থিতি পর্যালোচনা করা হবে এবং মেলা স্থগিত হতে পারে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। মঙ্গলবার বইমেলা উপলক্ষে বাংলা একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন, করোনা পরিস্থিতির কারণে এবার ফেব্রুয়ারিতে মেলা করা যায়নি। স্বাস্থ্যবিধি মেনে মার্চে মেলা করা হচ্ছে। তবে করোনা পরিস্থিতি যদি মেলা চালিয়ে যাওয়ার মতো না থাকে, তবে অপ্রিয় সিদ্ধান্ত নিতে হতে পারে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের বইমেলা ১৮ মার্চ থেকে শুরু হয়ে চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। ১৮ মার্চ বিকেলে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন এবং শেখ মুজিবুর রহমানের লেখা ‘আমার দেখা নয়াচীন’ বইটির অনুবাদ গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন।
এবারের মেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে মোট ৫৪০টি প্রতিষ্ঠানকে জায়গা বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে একাডেমি প্রাঙ্গণে ১০৭টি প্রতিষ্ঠানকে ১৫৪টি ও সোহরাওয়ার্দী উদ্যানে ৪৩৩ টি প্রতিষ্ঠানকে ৬৮০টি ইউনিট বরাদ্দ দেয়া হয়েছে।
এবারো শিশুচত্বর মেলার সোহরাওয়ার্দী উদ্যানেই থাকবে তবে করোনার জন্য ‘শিশুপ্রহর’ থাকবে না। এছাড়া প্রতিদিন বিকেল চারটায় মেলার মূল মঞ্চে সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া মাসব্যাপী প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।