জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৌ-শ্বাশুড়ীর ঝগড়ার জেরে ছেলের হাতে মা খুন হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাতে ছেলে উজ্জল হোসেনের (২৮) ইটের আঘাতে গুরুতর আহত মা সুফিয়া খাতুন (৫৫) সোমবার ভোর রাতে বগুড়া শজিমেক হাসপাতালে মারা যান। এ ঘটনায় পুলিশ পলাতক উজ্জলকে কালাই উপজেলার মাত্রাই থেকে গ্রেফতার করেছে।
নিহত সুফিয়া খাতুনের স্বামী ও ঘাতক ছেলে উজ্জল হোসেনের বাবা একই গ্রামের তছলিম উদ্দিনসহ প্রতিবেশীরা জানান, গত রোবাবার রাতে সুফিয়া তার ছেলে উজ্জলের স্ত্রী মেনোকাকে চুলা থেকে ছাই সড়াতে বলেন। এতে শ্বাশুড়ী ও বৌ এর মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে উজ্জল স্ত্রীর পক্ষ নিয়ে মা সুফিয়ার মাথায় ইট দিয়ে আঘাত করেন।
গুরুতর আহত সুফিযাকে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করানো হলে অবস্থার অবনতি ঘটায় তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে আজ সোমবার ভোর রাতে তিনি সেখানে চিকিসাধীন অবস্থায় মারা যান।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পাওয়ার পর সোমবার সকালে ছেলে উজ্জলকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে একই দিন বেলা ১২টায় সুফিয়ার ভাই মজিবর রহমান বাদী থানায় মামলা করেন ।