সিসি নিউজ ডেস্ক ।। প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আরো ৭ দিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মঙ্গলবার (২৭ এপ্রিল) প্রজ্ঞাপন হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্রজ্ঞাপন জারি হলে আগামী ৫ মে পর্যন্ত এই ‘বিধিনিষেধ’ বহাল থাকবে।
সোমবার (২৬ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বিধিনিষেধের মধ্যে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে করোনা দ্বিতীয় ঢেউ সামাল দিতে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সীমিত বিধিনিষেধ দেয়া হয়। পরে ১৪ এপ্রিল থেকে শুরু হয় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ। এরইমধ্যে গত ১৮ এপ্রিল রাতে এক বৈঠকে চলমান বিধিনিষেধ আরো এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। যা ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।