সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে প্রকাশ্য দিবালোকে চলন্ত মোটরসাইকেল থেকে এক ব্যক্তির ৩ লাখ ৮০ হাজার টাকা লোপাট হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৬ মে) বেলা সোয়া ৩টার দিকে শহরের শহীদ ডা জিকরুল হক রোডের ডাচ-বাংলা ব্যাংকের সামনে।
পুলিশ জানায়, ওইদিন মোটরসাইকেল যোগে সৈয়দপুর শহরের পার্বতীপুর মোড় থেকে শপিং ব্যাগে করে ৩ লাখ ৮০ হাজার টাকা নিয়ে শহরের ডাচ-বাংলা ব্যাংকে জমা দেয়ার জন্য আসে মোতাহেরুল ইসলাম নামের এক ব্যাক্তি। তিনি ব্যাংকের সামনে মোটরসাইকেল থামিয়ে দেখতে পান তাঁর শপিং ব্যাগটি কেটে কে বা কাহারা সমুদয় টাকা বের করে নিয়েছে। বিষয়টি তিনি তাৎক্ষনিক সৈয়দপুর থানাকে অবহিত করে একটি সাধারন ডায়েরী করেন।
মোতাহেরুল ইসলাম পার্বতীপুরের মেসার্স ভাবনা এন্টারপ্রাইজের ম্যানেজার। সে দিনাজপুরের পার্বতীপুর তাজনগর ডাঙ্গাপাড়ার মৃত মজিবর রহমানের পুত্র। উক্ত টাকা দশমাইল থেকে তাঁর কোম্পানীর একটি তেলের গাড়িতে সৈয়দপুরের পার্বতীপুর মোড়ে আসে। বেলা ৩টার দিকে গাড়ী থেকে টাকা বুঝে নিয়ে মোটরসাইকেল যোগে উক্ত ব্যাংকে জমাদানের জন্য আসেন।
অভিযোগের সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান বলেন, ঘটনা তদন্তে পুলিশ মাঠে কাজ করছে। খুব দ্রুত এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর সার্কেল সারওয়ার আলম সিসি নিউজকে জানান, প্রকৃত ঘটনা তদন্তে ইতিমধ্যে ওই সড়কের বিভিন্ন স্থানে বসানো সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খুব তাড়াতাড়ি এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা হবে।