সিসি নিউজ ।। দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা, শারীরিক নির্যাতন ও সাজানো মামলায় গ্রেপ্তারের ঘটনায় নীলফামারীর সৈয়দপুর মৌন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মঙ্গলবার দুপুরে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে একাত্বতা প্রকাশ করে অংশ নেয়, সৈয়দপুর শিল্পী সমিতি, মফস্বল সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা। প্রথম আলো সৈয়দপুর-পার্বতীপুর প্রতিনিধি এম আর আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন, সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক শিউলী সুলতানা, পৌর ১১ নং ওয়ার্ড কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, সৈয়দপুর শিল্পী সমিতির সভাপতি হোসনে আরা লিপি, সাধারণ সম্পাদক এম আর টুটুল, সৈয়দপুর বন্ধুসভার সভাপতি ডালিম কুমার, সাধারণ সম্পাদক রেজাউল করিম, বন্ধুসভার সাবেক সভাপতি আব্দুল হাফিজ হাপ্পু, সাংবাদিক রেজা মাহমুদ, এম কে আনোয়ার, সাদিকুল ইসলাম, শাহবাজ সবুজ, জাকির হোসেন, আরমান হোসেন, সাবির আহমেদ সাবের, নওশাদ আনসারী, আলমগীর হোসেনসহ অন্যরা।
মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, করোনাক্রান্তিতে মানুষ বেঁচে থাকার জন্য যেখানে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই স্বাস্থ্যখাতের রাঘব-বোয়ালরা দূর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলেছেন। অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তিসহ তাঁর ওপর নির্যাতনকারীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।

বিকাল চারটার দিকে নীলফামারীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে যৌথভাবে কর্মসূচির আয়োজন করে নীলফামারী প্রেসক্লাব, প্রথম আলো বন্ধুসভা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি। কর্মসূচিতে সাংবাদিকরাসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সুধি সমাজের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।
ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সেখানে জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ইসরাত জাহান পল্লবীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মশিউর রহমান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সারোয়ার মানিক, জেলা ড্রাগিস্ট এ- কেমিস্ট সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান সবুজ, জনকণ্ঠের স্টাফ রিপোর্টার তাহমিন হক ববী, যমুনা টেলিভিশনের প্রতিনিধি আতিয়ার রহমান বাড্ডা, আরটিভি প্রতিনিধি হাসান রাব্বী প্রধান, একাত্তর টেলিভিশনের প্রতিনিধি বিজয় চক্রবর্তী কাজল, প্রথম আলো প্রতিনিধি মীর মাহমুদুল হাসান আস্তাক, কালের কণ্ঠ প্রতিনিধি ভুবন রায় নিখিল, জেলা মফস্বল সাংবাদিক ফোরামের জেলা শাখার সাধারণ সম্পাদক নূর আলম প্রমূখ।
বক্তারা পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা জানিয়ে বলেন,‘স্বাস্থ্য বিভাগের অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও লুটপাটের তথ্য তুলে ধরায় সাংবাদিক রোজিনা ইসলামকে সাজানো মামলায় ফাঁসানো হয়েছে।’ এঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি ও রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।