সিসি নিউজ ।। নীলফামারী সৈয়দপুরে পাঁচ বছর ৫ মাসের এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে। শিশুটির বাবা কাজী সবুজ নিজে বাদী হয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সৈয়দপুর থানায় মামলা দায়ের করেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা আনুমানিক ২টার দিকে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ল্যাট্রিনের পাশে। শিশুটির বাবা বাড়ি ওই ইউনিয়নের কাজী পাড়ায়।
সূত্র মতে, ওই স্কুলের পাশে ডাঙ্গাপাড়ায় শিশুটি তাঁর দাদা বাড়িতে গিয়েছিল। দুপুরের দিকে সমবয়সী আরো দুজন শিশুসহ স্কুল মাঠে খেলার সময় ডাঙ্গাপাড়ার মফিজুল ইসলামের বখাটে পুত্র মাহববুব হোসেন (২৪) শিশুটিকে জোর করে ল্যাট্রিনের পাশে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করে। এ সময় শিশুটি কান্না করলে বখাটে ওই যুবক পালিয়ে যায়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, শিশুটির মেডিকেল পরীক্ষার জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আসামীকে গ্রেফতারের জন্য জোর চেষ্টা চলছে।