সিসি নিউজ ডেস্ক ।। রাজধানীর বনানী থানার মহাখালী এলাকা থেকে এক ব্যক্তির হাত-পা ও মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে তার দুই হাত ও দুই পা উদ্ধার করা হয়েছে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল এলাকা থেকে। তবে ওই ব্যক্তির মাথা এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।
পুলিশ জানিয়েছে, ওই লাশের শরীরে কোনো পোশাক ছিল না। রবিবার রাতে মহাখালীর আমতলী সড়কের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামসুর রহমান জানান, লাশটি পুরুষের। লাশের দুই হাত, দুই পা ও মাথা ছিল না। পরনে কোনো কাপড়ও ছিল না। মাথার কাটা অংশ এখনও উদ্ধার করা যায়নি।
মাথার অংশ উদ্ধার করা গেলে তার নাম-পরিচয় পাওয়া যাবে। সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে লাশটি। কে বা কারা এই লাশ রেখে গেছে, তা এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কিশোর শীল বলেন, রবিবার রাত সাড়ে ১২টার দিকে মহাখালী বাস টার্মিনাল এলাকা থেকে দুই হাত- দুই পা উদ্ধার করা হয়েছে। তবে মাথার অংশ এখনও উদ্ধার করা যায়নি।