• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন |
শিরোনাম :

ফাইজারের টিকা দেশে পৌছেছে

সিসি নিউজ ডেস্ক ।। দেশে পৌঁছেছে ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ টিকার চালান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নেতৃত্বাধীন বৈশ্বিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের মাধ্যমে এ টিকা পেয়েছে বাংলাদেশ।

সোমবার রাত সোয়া ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইকে-৫৮৪ ফ্লাইট যোগে এ চালান এসে পৌঁছায়।

পরে স্বাস্থ্য অধিদপ্তর, আইইডিসিআর ও ভ্যাকসিন বিশেষজ্ঞরা টিকার চালান বুঝে নেন ।

শাহজালাল বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য অধিদদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানান, টিকাগুলো রাজধানী মহাখালীর ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) এর কোল্ড স্টোরেজে রাখা হবে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ টিকা আল্টা-লো ফ্রিজারে মাইনাস ৬০ থেকে মাইনাস ৮০ ডিগ্রি তাপমাত্রায় রাখতে হয়।

দুদিন আগে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত ঠিকাদান কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক জানিয়েছিলেন, আপাতত রাজধানীতেই ফাইজারের টিকা প্রয়োগের কথা ভাবা হচ্ছে। তবে এখনো নির্বাচন হয়নি কেন্দ্র। সবার দ্বিতীয় ডোজ নিশ্চিত করতে ৫০ হাজার মানুষকে দেয়া হবে এ টিকা।

বাংলাদেশে করোনার গণ টিকাদান কর্মসূচি শুরু হয় গত ফেব্রুয়ারি মাসে। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা দিয়ে এ কর্মসূচি শুরু হয়। সেরাম থেকে তিন কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করেছিল বেক্সিমকো ফার্মা। চুক্তি অনুযায়ী আগামী জুন পর্যন্ত প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে টিকা সরবরাহের কথা থাকলেও মাত্র ৭০ লাখ ডোজ সরবরাহ করে সেরাম। ভারতের করোনা পরিস্থিতির অবনতি হলে গত মার্চ থেকে টিকা রপ্তানি বন্ধ করে দেয় সেরাম। সংকট কাটাতে এরই মধ্যে রাশিয়া ও চীনের টিকার অনুমোদন দিয়েছে সরকার।

সবশেষ গত ২৭ মে জরুরি ব্যবহারের জন্য ফাইজারের টিকা অনুমোদন পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ