নীলফামারী প্রতিনিধি ।। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকনসহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রদল।
বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স, সদর উপজেলা আহবায়ক মোকলেছুর রহমান কাজল, পৌর কমিটির সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস জীবন, নীলফামারী সরকারি কলেজ শাখার সদস্য সচিব পায়েলুজ্জামান রকসি প্রমূখ বক্তব্য রাখেন।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণের উদ্যোগ নেয় ছাত্রদল। ওই কর্মসূচি চলাকালে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতিসহ অন্যান্য নেতাকর্মীদের উপর হামলা চালায় সরকার দলীয় সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।