সিসি নিউজ ।। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৩ জন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগে গত ১ জুলাই ১৪৩ জনের মৃত্যুর খবর জানিয়েছিলো স্বাস্থ্য অধিদফতর। এ ছাড়া গত একদিনে নতুন শনাক্ত হয়েছেন ৮ হাজার ৬৬১ জন।
রবিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৮ হাজার ৬৬১ জনসহ দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জন। আর মৃত্যু ১৫৩ জনসহ এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৬৫ জনের। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৯৮ জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ ৮ লাখ ৩৩ হাজার ৮৯৭ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯ হাজার ৩১৫টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৮৭৯টি। এখন পর্যন্ত ৬৭ লাখ ২৩ হাজার ৫৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মৃত্যুবরণকারীদের মধ্যে ৯৬ জন পুরুষ এবং নারী ৫৭ জন। এখন পর্যন্ত পুরুষ ১০ হাজার ৬৭৬ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৩৮৯ জন।
বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৬০ ঊর্ধ্ব ৭০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১১ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩ জন মারা গেছেন।
বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ৪৬ জন, চট্টগ্রামে ১৫ জন, রাজশাহীতে ১২ জন, খুলনায় ৫১ জন, বরিশালে ৩ জন, সিলেটে ২ জন , রংপুরে ১৫ জন এবং ময়মনসিংহে ৯ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১১৯ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ২২ জন এবং বাসায় মারা গেছেন ৯ জন এবং হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে ৩ জনকে।