সিসি নিউজ ।। নীলফামারীতে করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
করোনায় আক্রান্ত হয়ে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জেলা শহরের বাবুপাড়া মহল্লার জামিলা খাতুন(৮২), সৈয়দপুরে কাজিপাড়ার নিজ বাড়িতে আঃ মজিদ (৫৮) ও করোনা উপসর্গ নিয়ে মারা যান নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের প্রবীন আইনজীবী জলঢাকা উপজেলার বাসিন্দা আব্দুল গফুর (৮০)।
এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে এই জেলায় ৪৬জনের মৃত্যু হলো। এরমধ্যে চলতি জুলাই মাসের ১৪ দিনের হিসাবে ১১ জনের মৃত্যু হলো।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী জেলা সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির আরও জানান গত ২৪ ঘন্টায় নীলফামারী জেলায় নতুন করে আরও ৪৯৭ নমুনায় ৮২ জন নতুন করে করোনা পজেটিভ হয়েছেন।
জেলা প্রশাসক কার্যালয়ের সূত্র মতে, বিধিনিষেধ অমান্য করায় গত ২৪ ঘন্টায় ৭টি মামলায় ৪ হাজার ৬০০ টাকার জরিমানা ও ২জনকে একদিন করে বিনাসশ্রম কারাদন্ড প্রদান করা হয়। বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মীর্জা মুরাদ হাসান বেগ।