• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন |

ভিক্ষুকের ছদ্মবেশে সত্তরোর্ধ আসামিকে ধরলো পুলিশ

সিসি নিউজ ডেস্ক ।। কোতয়ালি থানাধীন এনায়েতবাজার বাটালী রোডের বরফ গলির মুখে বসা ছিলেন দুজন ভিক্ষুক। হঠাৎ আলী হোসেন নামে এক ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়ে ধরাশায়ী করে ফেললেন তাঁরা। পরে জানা গেল, ভিক্ষুক দুজন আসলে পুলিশ কর্মকর্তা। একজন উপ-পরিদর্শক সাইফুল আলম, অন্যজন সহকারী উপপরিদর্শক রনেশ বড়ুয়া। আর যে ব্যক্তিকে ধরাশয়ী করা হয়েছে তিনি মাদক সম্রাট ও যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি আলী হোসেন (৭০)।

বৃহস্পতিবার বিকেলে কোতয়ালি থানা পুলিশ এভাবে ভিক্ষুকের ছদ্মবেশে দীর্ঘসময় ধরে পলাতক সাজাপ্রাপ্ত ওই আসামিকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে শুক্রবার কোতয়ালি থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, ২০১১ সালে আলী হোসেন ও তাঁর মেয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়। এ ঘটনায় পরে র‌্যাবের পক্ষ থেকে কোতয়ালি থানায় একটি মামলা করা হয়। মামলায় গতবছর চট্টগ্রামে অতিরিক্ত মহানগর দায়রা জজ আলী হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। তবে এর আগেই আসামি আত্মগোপনে চলে যান।

ওসি নেজাম বলেন, এনায়েত বাজার বরফ গলিতে আসামির অবস্থানের খবর পেয়ে পুলিশ ভিক্ষকের ছদ্মবেশ ধারণ করে সেখানে অবস্থান করতে থাকেন। এক পর্যায়ে তাঁকে দেখা পাওয়া মাত্রই গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, আলী হোসেন কোতয়ালি থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। বিভিন্ন সময় তিনি মাদক নিয়ে ধরা পড়ার পর জেলে গেলেও জামিনে বেরিয়ে পুনরায় একই কাজে জড়িয়ে পড়েন। তাঁর বিরুদ্ধে কোতয়ালি থানায় আরও ছয়টি মাদকের মামলা রয়েছে।

আলী হোসেন কোতয়ালি এলাকার মৃত আলী ফজলের ছেলে। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ