সিসি নিউজ ।। টানা ৬ ঘন্টার বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে সৈয়দপুরে। শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৭৭ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস।
টানা বর্ষনে সকাল সকাল অফিসগামী মানুষেরা বিড়ম্বনায় পড়েছে। স্কুলগামী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে পৌছাতে পারেনি প্রতিষ্ঠানে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানে শনিবার সকাল শিফটে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। নিম্ন আয়ের মানুষ বিশেষ করে রিক্সা, অটো রিক্সা, ভ্যান চালকরা পড়েছে বেকায়দায়।
অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারনে ওই সময়ে জেলার সৈয়দপুর শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌর এলাকার নয়াটোলা, আতিয়ার কলোনী, বাঁশবাড়ী, হাতিখানা মহল্লার সড়কগুলো পানিতে ডুবে ছিল। বৃষ্টির পানিতে ময়লা আর্বজনা ভেসে এসে দুর্গন্ধ ছড়ায়। এতে অতিষ্ঠ হয়ে পড়ে বাসা-বাড়ি লোকজন এবং পথিক ও ব্যবসায়ীরা।
সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবি জানান, পরিকল্পনা অনুযায়ী ড্রেনেজ ও রাস্তার কাজ করার উদ্যোগ গ্রহন করা হয়েছে। শ্রীঘ্রই এটি বাস্তবায়ন করা হবে।