
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারীর ডিমলায় দুর্নীতির অভিযোগ দেয়ায় রাতের বেলা নিজ স্কুলের ম্যানেজিং কমিটির এক সদস্যকে পেটালেন প্রধান শিক্ষক!
রবিবার(২৫ সেপ্টেম্বর) উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের কান্দাপড়া গ্রামের শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে।
বিদ্যালয়ে প্রধান শিক্ষক ময়নুদ্দিনের(৪৫) বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে বিদ্যালয় পরিচালনার ৫ জন সদস্য বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আয়নাল হোসেন(৬০) অভিযোগ করেন, বিদ্যালয়ের উন্নয়নের জন্য সরকার থেকে ২০১৯/২০ অর্থবছরে ৫লক্ষ্য টাকা বরাদ্দ আসে। কিন্তু আমাদেরকে না জানিয়ে ও সরলতার সুযোগে প্রধান শিক্ষক মইনুদ্দিন কোনো কাজ না করেই টাকা আত্মসাৎ করেন। প্রধান শিক্ষকের কাছে বারবার হিসাব চাইলেও তিনি আমাদের আবেদন রাখেননি।
তিনি বলেন, গত শনিবার(২৫সেপ্টেম্বর) রাত ১০ টায় আমি বাজার থেকে বাড়ি যাওয়ার পথে স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে কারো উপস্থিতি বুঝতে পারি।চোর সন্দেহে কিছু এলাকাবাসী সাথে নিয়ে ঘটনাস্থলে যাই। এসময় প্রধান শিক্ষক একটি লাঠি নিয়ে তার অফিস কক্ষ থেকে বাইরে এসে বলেন আমার অফিস কক্ষ রং করাচ্ছি।
এতো রাতে চুপিসারে কাউকে না জানিয়ে কাজ করার কারণ জানতে চাইলে তিনি আমাকে কিলঘুষিসহ অশ্লীল ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং লাঠি দিয়ে আমার বুকে আঘাত করতে থাকেন।এ ঘটনায় এলাকাবাসী উত্তেজিত হলে তিনি দ্রুত অফিস কক্ষে ঢুকে ভিতর থেকে ছিটকিনি আটকিয়ে দেন।
গুরুতর আহত আয়নাল কে এলাকাবাসী উদ্ধার করে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরে এলাকাবাসী প্রধান শিক্ষক কে অবরুদ্ধ করে। ফোনে খবর পেয়ে ওনার ছেলে মাজহারুল (১৫) ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ঐ শিক্ষককে মুক্ত করে বাড়িতে নিয়ে যান।
এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক মইনুদ্দিন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রশিদের মুঠো ফোনে বারবার চেষ্টা যোগাযোগ করা সম্ভব হয়নি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ডিমলা থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায় নি ।